সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৯-২৩ ফেব্রুয়ারি
অনুষ্ঠিতব্য ‘২৯তম গালফফুড এক্সিবিশন’-এ অংশগ্রহণের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক তাসকিন আহমেদের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল
সম্প্রতি ঢাকা ত্যাগ করেছে।
এ প্রদর্শনীতে খাদ্য ও বেভারেজ, তেল, ডাল-গম, মাংস ও পোল্ট্রি প্রভৃতি
খাতে নতুন নতুন উদ্ভাবন এবং মানুষের খাদ্যাভ্যাসের ধারা প্রভৃতি বিষয়ের ওপর আলোকপাত
করা হবে।
বাংলাদেশের খাদ্য ও বেভারেজ খাতে পণ্য বহুমুখীকরণ এবং রফতানির সম্ভাবনাময়
বাজার খুঁজে বের করার লক্ষ্যেই ঢাকা চেম্বারের প্রতিনিধিদল উক্ত প্রদর্শনীতে যোগদান
করছে। সেই সঙ্গে খাদ্য ও বেভারেজ খাতে বৈশ্বিক প্রতিনিধিত্বকারী শিল্প-প্রতিষ্ঠানের
উদ্যোক্তা, সাপ্লাই চেইন ব্যবস্থা ও মান নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়ে এ প্রদর্শনীর মাধ্যমে
ডিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্যরা সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবেন।










