চারটি দেশ থেকে তামার তার আমদানিতে অ্যান্টি-সাবসিডি শুল্ক আরোপ করেছে ভারত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ধাতবপণ্যটি আমদানিতে পাঁচ বছর মেয়াদে এ শুল্ক কার্যকর হবে। খবর ইকোনমিক টাইমস।

পণ্যটিতে শুল্ক আরোপের আগে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিস (ডিজিটিআর) এ বিষয়ে একটি তদন্ত পরিচালনা করে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে দেশটির অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্তে উপনীত হয়। মূলত তামার তার রফতানিতে ভর্তুকি প্রদান করে উল্লিখিত চারটি দেশের সরকার। এ দেশগুলো থেকে অপেক্ষাকৃত কম মূল্যে ধাতবপণ্যটির আমদানি করে অভ্যন্তরীণ বাজারে বিক্রি করেন ভারতীয় ব্যবসায়ীরা, যা দেশীয় শিল্পের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা।