বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মানুষের চলাচল অনেকটাই সংকুচিত হয়ে এসেছে। বিশেষত চীন অভিমুখে যাত্রা স্থগিত করেছে অনেক এয়ারলাইনস। এ কারণে কমে গেছে জেট ফুয়েলের বৈশ্বিক চাহিদা। এর জের ধরে যুক্তরাষ্ট্রে মজুদ বেড়ে কমতে শুরু করেছে জ্বালানি পণ্যটির দাম। খবর রয়টার্স।

মার্কিন এনার্জি ইনফরমেশেন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, গত মাসে দেশটিতে জেট ফুয়েলের মজুদ আগের মাসের তুলনায় বেড়ে ৪ কোটি ২৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে, যা ২০১৭ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

বাড়তি মজুদের প্রভাব পড়েছে জ্বালানি পণ্যটির দামে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে গত সপ্তাহে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি গ্যালন জেট ফুয়েলের দাম ২ ডলার ১২ সেন্ট থেকে ২৫ শতাংশ কমে গেছে। এ সময় দেশটির বাজারে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি গ্যালন জেট ফুয়েল ১ ডলার ৫৯ সেন্টে বিক্রি হয়েছে।