আগস্টে রাশিয়ায় বেকারত্ব নিম্নমুখী হয়েছে। ওই মাসে বেকারের হার কমে ৩ দশমিক ৮ শতাংশ নেমেছে। বেকারত্ব হ্রাসে রেকর্ড হলেও রুশদের অর্জিত মাসিক গড় মজুরি কমার পাশাপাশি মূল্যস্ফীতিও আগের অবস্থায় ফিরে এসেছে।
রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, টানা ১১ সপ্তাহ ধরে মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির ভোক্তা মূল্য সূচক আবারো বেড়েছে। এর আগে গত মে মাসের শুরুতে মূল্যস্ফীতি বেড়েছিল। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তার নীতি সুদহার ৭ দশমিক ৫ শতাংশ কমানোর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভোক্তা মূল্য বৃদ্ধি পেয়েছে।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করে। এ হামলাকে বিশেষ সামরিক অভিযান নামে অভিহিত করে দেশটি। এ পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে দেশটির রফতানিনির্ভর অর্থনীতি মন্দার মধ্যে নিমজ্জিত হয়েছে। তবে এ মন্দার গভীরতা প্রাথমিক ধারণার চেয়ে কম হয়েছে।
দেশটির পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট জানিয়েছে, বার্ষিক হিসাবে আগস্টে শিল্প উৎপাদন দশমিক ১ শতাংশ কমেছে। যদিও গাড়ির উৎপাদন কমার হার ৬৯ শতাংশ। পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিল্পগুলোর মধ্যে অটোমোবাইল একটি।
আর্থিক তথ্য সরবরাহ করা ইকন ডাটাবেজ অনুসারে, রাশিয়ায় বেকারত্ব হার কমে আগস্টে ৩ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। এ ডাটাবেজ প্রথম প্রকাশিত হয় ১৯৯২ সালে। ওই সময়ের পর থেকে এবারই প্রথম দেশটিতে বেকারত্ব হারে এতটা কমে গিয়েছে।
খুচরা বিক্রয়কে রাশিয়ায় ভোক্তা চাহিদার পরিমাপক হিসেবে দেখা হয়। এটি দেশটির প্রধান অর্থনৈতিক প্রবৃদ্ধির চালক হিসেবেও গণ্য করা হয়। আগস্টে দেশটির খুচরা বিক্রি ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। আগের মাসে সংশোধনের পর কমার হার ছিল ৮ দশমিক ৭ শতাংশ। রোসস্ট্যাট অনুসারে, গত জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় রুশদের প্রকৃত মজুরি বছরে ৩ দশমিক ২ শতাংশ কমেছে। এর আগে জুনেও রুশদের প্রকৃত মজুরি একই হারে কমে গিয়েছিল।










