২০২৩ সালের মাঝামাঝির আগে ৭৩৭ ম্যাক্স১০ মডেলের অনুমোদন আশা করছে না বোয়িং। গত সোমবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) চিঠি প্রাপ্তির পর প্রতিষ্ঠানটির সরবরাহ টাইমলাইন সম্পর্কিত উদ্বেগগুলো বেড়ে যায়। খবর রয়টার্স।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক বোয়িং ম্যাক্স১০-এর অনুমোদন লাভের জন্য ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। বোয়িং ম্যাক্স১০ মূলত বর্তমানের ম্যাক্স৭৩৭-এর তুলনায় কিছুটা বড়, তবে এটি ম্যাক্স৭-এর ছোট বিকল্প মডেল।
এ অবস্থায় বোয়িং যদি কংগ্রেস কর্তৃক সময় বৃদ্ধির অনুমতি আদায় করতে না পারে সে ক্ষেত্রে তাদের আধুনিক ককপিট সংবলিত আনুষঙ্গিক সুবিধা সংযুক্ত করে উড়োজাহাজ পরিষেবায় যুক্ত হতে কালক্ষেপণ হতে পারে। যদিও এ প্রসঙ্গে এফএএ ও বোয়িংয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। সম্প্রতি ডেল্টা লাইন, কানাডার ওয়েস্টজেট গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের থেকে ম্যাক্স১০ মডেল তৈরির জন্য বড় ধরনের অর্ডার পেয়েছে বোয়িং। গত সপ্তাহে সিনেটার রজার উইকার বোয়িংয়ের দুটি নতুন ভ্যারিয়েন্টের অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময় বৃদ্ধির প্রস্তাব করেছেন। প্রস্তাবটি তিনি বার্ষিক প্রতিরক্ষা বিলে সংযুক্ত করারও আশা করছেন। তবে কংগ্রেস প্রস্তাবটি অনুমোদন করতে ইচ্ছুক কিনা তা স্পষ্ট নয়।
নতুর ককপিট-সংক্রান্ত বিধিনিষেধগুলো মূলত ২০২০ সালে স্বল্প সময়ের মধ্যে বোয়িংয়ের দুটি বিমান বিধ্বস্তের অংশ। ওই দুর্ঘটনায় বোয়িং ৭৩৭ ম্যাক্স৮-এর এ দুটি ফ্লাইটের সব আরোহী মারা যান। দুটি বিমানই উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। পাঁচ মাসের কম সময়ের মধ্যে দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন আরোহী নিহত হলে বিশ্বের অধিকাংশ এয়ারলাইনস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ উড়োজাহাজ ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। একপর্যায়ে বিমান নিরাপত্তার সনদ দেওয়া ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ এক জরুরি আদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স৮ বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। বিশ্বব্যাপী এ মডেলের ৩৭১টি বিমান গ্রাউন্ড করা হয়। প্রায় ২০ মাস বসিয়ে রাখার পর আবারো আকাশে ওড়ে এ মডেলের উড়োজাহাজ।
গত ১৯ সেপ্টেম্বর বোয়িংকে পাঠানো এফএএর একটি চিঠি প্রকাশ্যে আসে। যেখানে নির্মাতা প্রতিষ্ঠানটি ম্যাক্স ৭ মডেলকে ঘিরে চলতি বছর অনুমতি লাভ করতে সক্ষম হবে না বলে উদ্বেগ প্রকাশ করে তারা। গত মাসে বোয়িংয়ের নির্বাহী প্রধান জানান, বোয়িংকে প্রথমে ম্যাক্স ৭-এর জন্য অনুমোদন পেতে হবে কারণ ম্যাক্স১০-এর অনুমোদন এর ওপর নির্ভরশীল।
চিঠিতে আরো বলা হয়েছে, বোয়িং তার সবকিছুর প্রয়োজনীয় মূল্যায়ন সম্পন্ন করেনি। তাছাড়া ডিসেম্বরের সময়সীমা পূরণ করতে চাইলে প্রতিষ্ঠানটিকে সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ অবশিষ্ট নথিপত্র জমা দিতে হবে।










