আগস্টে সিঙ্গাপুরের সামগ্রিক রফতানি ঊর্ধ্বমুখী রয়েছে। তবে দেশটির ইলেকট্রনিকসের রফতানি প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা এন্টারপ্রাইজ সিঙ্গাপুর এ তথ্য জানিয়েছে।

স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, জ্বালানি তেলবহির্ভূত রফতানি গত মাসে বছরওয়ারি হিসাবে ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এটি আগের মাসে ৭ শতাংশ সম্প্রসারণের চেয়ে বেশি। তবে ঋতুগতভাবে সামঞ্জস্য করা মাসভিত্তিক হিসাবে এ রফতানি গত মাসে ৩ দশমিক ৯ শতাংশ সংকুচিত হয়েছে।

আগস্টে ১ হাজার ৭১০ কোটি ডলারের জ্বালানি তেলবহির্ভূত পণ্য রফতানি করেছে দেশটি। রফতানি আয়ের এ পরিমাণ আগের মাসের ১ হাজার ৭৮০ কোটি ডলারের চেয়ে কিছুটা কম। যদিও এটি গত বছরের একই সময়ের ১ হাজার ৫৮০ কোটি ডলারের চেয়ে বেশি।

এদিকে জ্বালানি তেলবহির্ভূত রফতানি বাড়লেও ইলেকট্রনিক পণ্যের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ কমেছে। যদিও জুলাইয়ে এ রফতানি ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছিল। এ নিয়ে ২০২০ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ইলেকট্রনিক রফতানি সংকুচিত হয়েছে। এক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি), ডিস্ক মিডিয়া ও কম্পিউটারের যন্ত্রাংশ রফতানি সবচেয়ে বেশি কমেছে।

অন্যদিকে গত মাসে সিঙ্গাপুরের ইলেকট্রনিকস-বহির্ভূত পণ্যের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ প্রসারিত হয়েছে। এটি জুলাইয়ের ৬ দশমিক ১ শতাংশ বৃদ্ধিকেও ছাড়িয়ে গিয়েছে। বিশেষত ফার্মাসিউটিক্যাল রফতানিতে উল্লম্ফন ইলেকট্রনিকস-বহির্ভূত পণ্যের চালান বাড়াতে সহায়তা করেছে। গত মাসে দেশটির ফার্মাসিউটিক্যাল পণ্যের রফতানি বছরওয়ারি হিসাবে ৬৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে জাহাজ ও নৌকার কাঠামো এবং খাবার প্রস্তুতে ব্যবহূত সরঞ্জামের রফতানি বেড়েছে।

সিঙ্গাপুরের শীর্ষ ১০ রফতানি বাজারে জ্বালানি তেলবহির্ভূত পণ্যের চালান বেড়েছে। তবে চীন, তাইওয়ান ও হংকংয়ে সিঙ্গাপুরি পণ্যের রফতানি সংকুচিত হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে দেশটির রফতানি ৬০ শতাংশ বেড়েছে। জাহাজ ও নৌকার কাঠামো ও খাদ্য প্রস্তুতের সরঞ্জামের হাত ধরে এটি আগের মাসের ১০ দশমিক ৯ শতাংশকে ছাড়িয়ে গিয়েছে।

গত মাসে ইউরো অঞ্চলেও জ্বালানি তেলবহির্ভূত রফতানিতে উল্লম্ফন দেখা দিয়েছিল। ১৯ দেশের ইউরোপীয় অঞ্চলটিতে সিঙ্গাপুরের রফতানি ৫৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ হার জুলাইয়ের ২২ দশমিক ৯ শতাংশকে ছাড়িয়ে গিয়েছে। এক্ষেত্রে সহায়তা করেছে ফার্মাসিউটিক্যাল পণ্য। অঞ্চলটিতে এসব পণ্যের রফতানি ৩০৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। এছাড়া টেলিকমিউনিকেশন যন্ত্রপাতির রফতানি বেড়েছে ১৭০ দশমিক ১ শতাংশ।

যদিও হংকংয়ে সিঙ্গাপুরের রফতানি আরো পতন হয়েছে। জুলাইয়ের ৩ দশমিক ৮ শতাংশের তুলনায় গত মাসে শহরটিতে রফতানি কমেছে ৩১ শতাংশ। পাশাপাশি চীনেও জ্বালানি তেলবহির্ভূত রফতানি ১৮ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। এ হার আগের মাসের ২১ দশমিক ৩ শতাংশের তুলনায় কিছুটা কম।

সামগ্রিকভাবে গত মাসে সিঙ্গাপুরের আন্তর্জাতিক বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ সংকুচিত হয়েছে। আগের মাসে এ সংকোচনের হার ছিল ৩০ দশমিক ৫ শতাংশ। পাশাপাশি আগস্টের তুলনায় মোট বাণিজ্য ৬ দশমিক ৮ শতাংশ কমেছে। যদিও জুলাইয়ে মাসভিত্তিক এ বাণিজ্য ২ দশমিক ৯ শতাংশ বেড়েছিল।