চীনজুড়ে করোনাভাইরাস রীতিমতো মহামারী রূপ নিয়েছে। ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্যসহ অনেক দেশে। জনস্বাস্থ্য খাত ছাড়িয়ে এর প্রভাব পড়তে শুরু করেছে পণ্যবাজারেও। ভাইরাসের কারণে আগামী দুই মাসে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা অনেকটাই কমে আসতে পারে। এর জের ধরে কমতে পারে জ্বালানি পণ্যটির দামও। ফরাসি জ্বালানি কোম্পানি টোটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট্রিক পওয়ানি এ মন্তব্য করেছেন। খবর রয়টার্স।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্বালানি তেলের বাজারে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনাভাইরাসের প্রভাব মোকাবেলা করা। আগামী দুই মাসে ভাইরাসের কারণে চীনে জ্বালানি চাহিদা কমবে। দেশটির জ্বালানি পণ্য আমদানিতেও মন্দা ভাব বজায় থাকতে পারে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বর্তমানের তুলনায় কমে আসতে পারে।









