নতুন শিল্প ও ব্যবসা শুরু করতে চান এমন উদ্যোক্তাদের জন্য জয়পুরহাটে পাঁচ দিনব্যাপী ‘ব্যবসায় ব্যবস্থাপনা’
শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিসিক মিলনায়তনে আয়োজিত এ কর্মশালা গত শুক্রবার শেষ হয়েছে। স্বল্প পুঁজিতে কীভাবে ব্যবসা পরিচালনা করা যাবে সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিসিকের উদ্যোগে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান। বিসিকের উপমহাব্যবস্থাপক (ডিএম) লিটন চন্দ্র ঘোষের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শিল্পপতি সিআইপি আনরুল হক আনু, বিসিকের স্টেট অফিসার আবু হাশেম প্রমুখ।
এ কর্মসূচিতে উদ্যোক্তাদের নতুন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা শুরু করা এবং পরবর্তী সময়ে দক্ষতার সঙ্গে তা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন, বিপণন, সংগঠন ও আর্থিক বিষয়ে সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়টি হাতে-কলমে শিক্ষা দেয়া হয়।










