পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এ হিসেবে শেয়ারধারীরা প্রতিটি ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ারের বিপরীতে ৯৮ টাকা করে পাবেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।
প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৭১ টাকা শূন্য ৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৬ টাকা ৮০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০০ টাকা ৬৫ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৩০ মার্চ বেলা আড়াইটায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১ হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রেকিট রেনকিজার বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫৬ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২০০ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৭০ টাকা ৯৫ পয়সা।










