কার্বন শূন্য অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে ২০২১ সালে বেশ ভালো অগ্রগতি দুবাইয়ের। গত বছর বাণিজ্য নগরীটি ২১ শতাংশ কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হয়েছে। দুবাই সুপ্রিম কাউন্সিল অব এনার্জি সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সৌরশক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কারখানা এবং সুযোগ-সুবিধাগুলোতে অপারেশনাল দক্ষতা বাড়ানোর মাধ্যমে আমিরাত এ সফলতা অর্জন করেছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

বিবৃতিতে বলা হয়, দুবাই বিদ্যুৎ এবং পানি উৎপাদন, কারখানা, স্থল পরিবহন এবং চিকিৎসা খাতের বর্জ্যগুলো পুনরায় ব্যবহারযোগ্য করেছে। শেখ আহমেদ আল মাকতুমের নেতৃত্বে কাউন্সিলের ওই বৈঠকে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের পাশাপাশি কার্বন নির্গমন কমাতে আমিরাতের সার্বিক প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়।

ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক বছরের মধ্যে কার্বন নির্গমনের কৌশল হাতে নিয়েছে দুবাই। আর এসব কার্যক্রম এ কৌশলেরই অংশ। আগামী ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ কার্বন নির্গমন কমাতে চায় আমিরাত। পাশাপাশি ২০৫০ সালের মধ্যে নিট জিরো কার্বন নির্গমন অর্জন করাও লক্ষ্য রয়েছে দুবাইয়ের।

কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সাঈদ আল তায়ের বলেন, বৈঠকে নিট জিরো কার্বন নির্গমন অর্জনে আমাদের রোডম্যাপ ও পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা হয়েছে। নিম্ন কার্বন অর্থনীতির উন্নয়নে জাতীয় উদ্যোগ ও কৌশলও গ্রহণ করা হয়েছে।