সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো সুদহার বাড়াল দেশটি। এতে দেশটির নীতি সুদহার ৫ দশমিক ৯০ শতাংশে উন্নীত হয়েছে। খবর এপি।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, উন্নয়নশীল অর্থনীতিগুলো মন্থর প্রবৃদ্ধি, উচ্চ খাদ্য ও জ্বালানি দাম, ঋণ সংকট এবং ডলারের বিপরীতে মুদ্রার বিনিময় হার কমার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সুদের হার বাড়ানো হচ্ছে।
ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস চলতি অর্থবছরে (এপ্রিল-মার্চ) ৬ দশমিক ৭ শতাংশ মূল্যস্ফীতির প্রাক্কলন দিয়েছেন। টানা ষষ্ঠ মাসের মতো জুনে মূল্যস্ফীতি ৬ শতাংশের ওপরে রয়েছে। ব্যাংকের মনিটারি কমিটি অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে এনেছে। আগস্টে ৭ দশমিক ২ শতাংশের পর চলতি অর্থবছরের জন্য প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। আগামী অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি ৬ দশমিক ৭ শতাংশ বাড়বে বলেও আশা করা হচ্ছে।










