বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণের জের ধরে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে দরপতন ঠেকাতে জ্বালানি পণ্যটির উত্তোলন আরো কমিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে ওমান। গত সপ্তাহে জ্বালানি তেলের রফতানিকারকদের জোট ওপেকের সদস্যসহ সংশ্লিষ্ট দেশগুলোকে উত্তোলন কমানোর প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। খবর রয়টার্স।
ওমানের তেলমন্ত্রী মোহাম্মদ বিন হামাদ আল-রুমহি বলেন, বাজারে ভারসাম্য ফেরাতে সৌদি আরবের পক্ষ থেকে জ্বালানি তেলের উত্তোলন কমানোর যে প্রস্তাব দেয়া হয়েছে, তাতে ওমান নীতিগতভাবে সম্মত রয়েছে। আমরা মনে করি, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) নাগাদ ওপেক, নন-ওপেক দেশগুলোকে জ্বালানি তেলের উত্তোলন আরো কমিয়ে আনতে হবে।









