সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের (সিএডি) ডকুমেন্ট ভেরিফিকেশন, ভ্যালুয়েশন ও লিমিট লোডিং ফাংশন সম্পূর্ণ অটোমেশনের পাশাপাশি পূর্ণাঙ্গ সেন্ট্রালাইজেশন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এমএ কাশেম। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খানসহ সব অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
এ সময় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান কামরুল ইসলাম সিএডির ২০২৫ সালের অর্জনগুলো তুলে ধরেন। অন্যদিকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় উপপ্রধান খায়রুল আনাম মহিউদ্দিন উদ্বোধনী বক্তব্যে সেন্ট্রালাইজেশন এবং অটোমেশনের লক্ষ্য অর্জনে জড়িত কৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দেন। তিনি কাগজের অপচয় দূরীকরণ ও ডিজিটাল যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ কার্বন ফুটপ্রিন্ট হ্রাসে এ পদক্ষেপগুলোর ভূমিকার ওপর জোর দেন।
অনুষ্ঠানে এমডি ও সিইও এবং এএমডিরা উপস্থিত কর্মকর্তাদের ভবিষ্যৎ অগ্রগতির জন্য কৌশলগত নির্দেশনা দেন, যার মধ্যে গ্রীন ব্যাংকিং ইনিশিয়েটিভে ব্যাংকের নেতৃত্বস্থানীয় অবস্থান অর্জনের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়টিও ছিল। তারা ব্যাংক খাতে একটি মানদণ্ড স্থাপনের জন্য সিএডির প্রশংসা করেন।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান এমএ কাশেম ব্যাংকের পরিষেবা ও কমপ্লায়েন্সের মান উন্নত করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। —বিজ্ঞপ্তি










