চলতি বছর তুলার বৈশ্বিক উৎপাদন আগের তুলনায় কমে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে কমছে পণ্যটির সমাপনী মজুদও। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। উৎপাদন কমার এ খবরে আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করেছে। খবর রয়টার্স।
জুনে প্রকাশিত ইউএসডিএর ওয়ার্ল্ড এগ্রিকালচার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেট প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছর বিশ্বজুড়ে ১১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বছর শেষে তুলার বৈশ্বিক উৎপাদন ১১ কোটি ৬২ লাখ ৫০ হাজার বেলে নেমে আসতে পারে।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাসে আরো বলা হয়েছে, চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রে তুলার সমাপনী মজুদ দাঁড়াতে পারে ৬৮ লাখ বেলে, যা আগের প্রাক্কলনের তুলনায় ১২ লাখ বেল কম। একই সঙ্গে চলতি বছর দেশটিতে তুলা উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ২০ লাখ বেল কমার সম্ভাবনা রয়েছে।
ইউএসডিএর এ প্রতিবেদন প্রকাশের পর পরই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে তুলার দাম। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) সর্বশেষ কার্যদিবস ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলা ৬৪ দশমিক ৩১ সেন্টে বেচাকেনা হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি। এদিন পণ্যটির দাম পাউন্ডপ্রতি দশমিক ৪২ সেন্ট বেড়েছে।










