সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ভুট্টা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ছয় হাজার টনেরও বেশি কমেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী পণ্যটি আমদানি করতে পারছেন না আমদানিকারকরা।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি হয়েছে ৩৬ হাজার ২৬৭ টন। যার আমদানি মূল্য ১২৭ কোটি ১০ লাখ টাকা। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে এ বন্দর দিয়ে শস্যটি আমদানি হয়েছে ৪২ হাজার ৪৪৫ টন। যার আমদানি মূল্য ১১৯ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে শস্যটির আমদানি কমেছে ৬ হাজার ১৭৮ টন।

ভোমরা স্থলবন্দরের ভুট্টা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গাজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সালাউদ্দিন গাজি জানান, অন্যান্য কৃষিপণ্যের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে ভুট্টা আমদানি করে প্রতিষ্ঠানটি। ভারতে সরবরাহ কমে যাওয়ায় চলতি অর্থবছর পণ্যটির আমদানি কমে গেছে। তার প্রতিষ্ঠানে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ভুট্টা আমদানি কমেছে অন্তত ২৫-৩০ শতাংশ। বর্তমানে সপ্তাহে ২০-২৫ ট্রাক ভুট্টা আমদানি হচ্ছে, যা গত অর্থবছরের একই সময় ছিল ৪০-৫০ ট্রাক।

সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর এলাকার ভুট্টা মাড়াই মিলার আবু সালেক জানান, ১২ মাসই তার মিলে ভুট্টা মাড়াই করা হয়। জেলার বিভিন্ন এলাকার মৎস্য ও পশুপালন খামারিরা তার মিল থেকে মাড়াইকৃত ভুট্টা কেনেন। মাসে ২৫০-৩০০ টন ভুট্টা চাহিদা রয়েছে তার প্রতিষ্ঠানে। তবে সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে ব্যাপক হারে। গত বছরের এ সময় যে ভুট্টার পাইকারি দাম ছিল কেজিপ্রতি ২৭-২৮ টাকা, এখন তা ৩৮-৩৯ টাকা দরে কিনতে হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহও অপ্রতুল।

ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর ভুট্টা আমদানি কিছুটা কমেছে।

এদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, চলতি মৌসুমে জেলার ২৪৮ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। গত মৌসুমে আবাদ করা হয়েছিল ২২৭ হেক্টর জমিতে। ওই মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ২ হাজার ৩৯৪ টন।