মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে কাঁচামাল ও পরিবহন ব্যয় বেড়েছে। এর চাপ সামলাতে জাপানে মেয়োনিজসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আজিনোমোতো কোম্পানি। ডিসেম্বর থেকে এসব পণ্যের দাম প্রায় ৬-১০ শতাংশ বাড়বে।
কোম্পানিটি জানায়, ১ ডিসেম্বর থেকে সরবরাহের জন্য নির্ধারিত ২১টি পণ্যের দাম বাড়ানো হবে। এর মধ্যে বাসাবাড়িতে ব্যবহারের মেয়োনিজও রয়েছে।
জাপানের কোম্পানিটি মূলত সিজনিং (খাবার সুস্বাদু করার মসলা), রান্নার তেল, হিমায়িত খাদ্য ও বিশেষ করে মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্ট মেকারের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
বাংলাদেশ, ভারতসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে কোম্পানিটির প্রত্যক্ষ সাবসিডিয়ারি বা প্রস্তুতকারী শাখা রয়েছে।
আজিনোমোতোর প্রতিদ্বন্দ্বী কিউপি করপোরেশনও মেয়োনিজ ও ড্রেসিংসহ প্রায় ২২৪টি পণ্যের খুচরা দাম বাড়ানোর পরিকল্পনা করেছে। খবর জাপান টুডে









