পূর্ব ঘোষণা অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আয়েশা সুলতানা কোম্পানিটির ৪৬ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদের উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন এ উদ্যোক্তা পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৫ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০। এর মধ্যে ৪৯ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ ও সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে বাকি ৩৭ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৭ টাকা ৪০ পয়সা।










