যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আবাসন খাতের বাজার ম্যানহাটনে কমেছে অ্যাপার্টমেন্ট বিক্রি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শহরটিতে অ্যাপার্টমেন্ট বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ কমেছে। কারণ হিসেবে বন্ধকি সুদের হার বেড়ে যাওয়া এবং পুঁজিবাজারে অস্থিরতার কথা বলা হচ্ছে। খবর সিএনবিসি।
২০০০ সালের পর এবারই প্রথম এ পরিস্থিতির মুখোমুখি হলো ম্যানহাটনের সম্পত্তি বিক্রির বাজার। মিলার স্যামুয়েল ও ডগলাস ইলিম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনে সব ধরনের সম্পত্তি ও বাড়ির দাম বেড়েছে। অভিজাত বাড়ি ও অ্যাপার্টমেন্টগুলোর তো বেড়েছেই, গত এক বছরে সাধারণ মানের অ্যাপার্টমেন্টের দামও বেড়েছে ৪ শতাংশের বেশি। দাম বাড়ার কারণে কমেছে বাড়ি বিক্রির পরিমাণ। ফলে বেড়েছে অবিক্রীত বাড়ি ও আবাসনের সংখ্যা।
এর আগে ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে সবশেষ আবাসন খাতে ২১ শতাংশ পতনের মুখোমুখি হয়েছিল ম্যানহাটন। সংশ্লিষ্টরা বলছেন, ২০২১ সালে আবাসন খাত যে উচ্চ প্রবৃদ্ধির দেখা পেয়েছিল তা ছিল আদতে আরোপিত। এবার যে পতন দেখা দিচ্ছে তার মাধ্যমে সেই আরোপিত অবস্থার পরিবর্তন হয়ে বাজার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে। ক্রেতা-বিক্রেতারা এখনো সক্রিয় রয়েছেন। সম্পত্তির মূল দামের সঙ্গে ছাড়কৃত মূল্যের দামের তুলনা করলে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে তা ৭ শতাংশ বেড়েছে, যা গত বছরের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বেশি।
ম্যানহাটনের অভিজাত রিয়েল এস্টেট এজেন্ট টনি হারবার বলেন, যারা সত্যিকারের বিক্রেতা তারা ঠিকই ক্রেতা খুঁজে নিচ্ছেন। সম্প্রতি তিনি এমন ক্রেতাও পেয়েছেন যারা ১ কোটি ৪০ লাখ ডলারে একটি পেন্টহাউজও খুঁজেছেন।
অনেক ব্রোকার প্রতিষ্ঠান জানিয়েছে, আগের চেয়ে বিক্রি কমেছে। কারণ পুঁজিবাজারে দরপতন ও বন্ধকি সুদের হার ক্রমেই বেড়ে চলেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, বিক্রি ও দামের ওপর এ পরিস্থিতির কী প্রভাব পড়েছে সেটি আরো একটি প্রান্তিক পার না হলে বোঝা যাবে না।
মিলার স্যামুয়েল ও ডগলাস ইলিম্যানের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে যে পরিমাণ বাড়ি বা অ্যাপার্টমেন্ট বিক্রির চুক্তি হয়েছে, তা গত বছরের একই মাসের তুলনায় কমেছে ২৯ শতাংশ। চুক্তির পরিমাণের ওপর পরবর্তী প্রান্তিকের পরিস্থিতি নির্ভর করে। অর্থাৎ চতুর্থ প্রান্তিকেও অ্যাপার্টমেন্ট ও বাড়ি বিক্রিতে মন্দা ভাবই দেখা যাবে।
অভিজাত ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যেগুলোর দাম ৪০ লাখ ডলারের বেশি, সেগুলোর বিক্রি কমেছে ৫০ শতাংশ। মিলার স্যামুয়েলের তথ্য অনুযায়ী, উচ্চমূল্যের বাজার অনেকটাই বিবেচনামূলক। এখানে ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষেরই সিদ্ধান্ত নেয়ার যথেষ্ট স্বাধীনতা থাকে। বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষাও করতে পারেন তারা।










