২০২৩-২৪ মৌসুমে গম উৎপাদন পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা দিয়েছে আর্জেন্টিনায়। খরা ও তুষারের কারণে ২০২২-২৩ মৌসুমের উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তী মৌসুমেই গতি পেতে পারে দেশটির কৃষি অর্থনীতি। ফলে বাড়বে গমের রফতানিও। এমনটাই জানানো হয়েছে মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) থেকে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন।

নতুন মৌসুমে ১ কোটি ৯৫ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছে এফএএস। যদিও তার জন্য জুনের আগেই মাটিতে আরো আর্দ্রতা তৈরি হওয়া প্রয়োজন। আর আর্দ্রতার জন্য প্রয়োজন বৃষ্টির। এদিকে ২০২২-২৩ মৌসুমের উৎপাদন ১ কোটি ২৫ লাখ টনে দাঁড়াবে বলে প্রাক্কলন করা হয়েছে। আর্জেন্টিনার গম রফতানি ২০২৩-২৪ মৌসুমে ১ কোটি ৩৭ লাখ টনে দাঁড়াবে, যা ২০২২-২৩ মৌসুমে প্রাক্কলিত পরিমাণের তুলনায় দ্বিগুণ। ২০২২-২৩ মৌসুমে রফতানির পরিমাণ ধরা হয়েছে ৫৮ লাখ টন, যা আট বছরের মধ্যে সর্বনিম্ন।

এদিকে আর্জেন্টিনায় গমের ব্যবহার ২০২৩-২৪ মৌসুমে ধরা হয়েছে ৬৫ মিলিয়ন টন। একই সময় ভুট্টা উৎপাদন পৌঁছাবে ৫ কোটি ৪০ লাখ টনে। ভুট্টা রফতানির পূর্বাভাস দেয়া হয়েছে ৩ কোটি ৮০ লাখ টন।