উদ্যোক্তা প্রতিষ্ঠান পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমেটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গতকাল অনুষ্ঠিত বিডি মনোস্পুলের ১৮৮তম পর্ষদ সভায় এ-সংক্রান্ত স্কিমে পর্ষদ সদস্যদের অনুমোদন নেয়া হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটি।
তথ্য অনুসারে, এ একীভূতকরণ সম্পন্ন হলে পার্ল পেপার ও বিডি মনোস্পুলের টিকে থাকার সক্ষমতা বাড়বে। অনুমোদিত এ একীভূতকরণ স্কিমে হাইকোর্টের অনুমোদন চাইবে কোম্পানি দুটি। পরে সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার আইন পরিপালন সাপেক্ষে এ একীভূতকরণ সম্পন্ন করতে চায় তারা। এ বিষয়ে ব্যাংক, ঋণদাতা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থারও অনুমোদন নেবে কোম্পানি দুটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযাযী, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিডি মনোস্পুল পেপারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৮ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটির পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। আর ১০ শতাংশ স্টক লভ্যাংশে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৪ টাকা ৮৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪০ টাকা ৪৩ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বাংলাদেশ মনোস্পুল পেপার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪০ টাকা ৪৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২৫ টাকা ৬১ পয়সায়। এর আগে ৩০ জুন ২০১৯-২০ সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৯ শতাংশ নগদ ও বাকি ৮ শতাংশ স্টক লভ্যাংশ ছিল।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩২ কোটি ৭৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫।










