নভেল করোনাভাইরাসের ধাক্কায় ভারতের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদায় ধস নেমেছে। ফলে দেশটি পরিশোধনাগারগুলো জ্বালানি তেলের পরিশোধন কমিয়ে দিয়েছে। এর জের ধরে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি কমেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ভারতের জ্বালানি তেল আমদানি কমে গত আট বছরের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস।
চলতি বছরের মে মাসে ভারত দৈনিক গড়ে ৩১ লাখ ৮০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে, এপ্রিলের তুলনায় যা ৩১ শতাংশ কম এবং আগের বছরের একই মাসের তুলনায় ২৬ শতাংশ কম। একই সঙ্গে তা ২০১১ সালের অক্টোবরের পর দেশটিতে পণ্যটির সর্বনিম্ন মাসভিত্তিক আমদানি।
এ সময়ে ভারতের বাজারে সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ করেছে সৌদি আরব। এ নিয়ে টানা দুই মাস দেশটিতে পণ্যটির শীর্ষ সরবরাহকারী রয়েছে সৌদি আরব। যদিও এ সময়ে আগের মাসের তুলনায় রিয়াদ থেকে পণ্যটির আমদানি ২৮ শতাংশ কমিয়েছেন নয়াদিল্লির ব্যবসায়ীরা।
এছাড়া মে মাসে ইরাক থেকে ভারতের জ্বালানি তেল আমদানি ৪৩ শতাংশ কমে দৈনিক গড়ে ৫ লাখ ৫৪ হাজার ব্যারেলে নেমেছে। ২০১৬ সালের অক্টোবরের পর ইরাক থেকে ভারতের এটাই পণ্যটির সর্বনিম্ন আমদানি। এর বাইরে ভেনিজুয়েলা থেকেও দেশটির জ্বালানি তেল আমদানি কমে ২০১১ সালের জুনের পর সর্বনিম্নে নেমেছে।










