সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আটদিন কোনো ধরনের আমদানি-রফতানি হবে না। তবে বন্ধের সময়েও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন। স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থলবন্দর সূত্র জানায়, দুর্গা পূজা উপলক্ষে ২১ অক্টোবর শনিবার থেকে ২৬ অক্টোবর ছয়দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়। তবে পূজার আগে-পরে দুই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা আটদিন আমদানি-রফতানি হবে না। ২৮ অক্টোবর শনিবার আবারো সচল হবে বন্দরটি।
স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথ সভায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয়দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত আরো দুইদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।










