বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিল্প ভবনে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে বিসিআই পরিচালনা পর্ষদের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা এবং বিসিআই এর ‘আমার পণ্য আমার দেশ’ লোগো সম্বলিত একটি ফ্রেম উপহার দেওয়া হয়।

সাক্ষাৎকালে বিসিআই সভাপতি টানা দ্বিতীয় মেয়াদে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বিসিআই এর পক্ষ থেকে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের শিল্প খাত একটি ক্রান্তি কাল অতিক্রম করছে। দেশে কোনো শিল্প প্রতিষ্ঠান তার পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে সব প্রতিষ্ঠানের সেলস ড্রপ করেছে, গ্যাসের প্রেসার কম, ঋণের উচ্চ সুদ হার সবকিছু মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দেশীয় শিল্প।

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাসে এবং আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধির অজুহাতে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছিল বর্তমানে আন্তর্জাতিক বাজারের জ্বালানির দাম অনেক কমে এসেছে তার পরও শুনছি আবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা হবে। জ্বালানির সমস্যার একটা টেকসই সমাধান হওয়া জরুরি এবং জ্বালানির ক্ষেত্রে শিল্প খাতকে একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা স্পষ্ট পরিকল্পনা দেওয়া গেলে শিল্প খাতও সে অনুসারে আগাতে পারবে।

তিনি আরো বলেন, দেশের শিল্প খাত রাজস্ব বোর্ডের বিভিন্ন নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সময়ে নতুন নতুন নীতির কারণে ব্যবসা পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা এনবিআরের চেয়ারম্যানকে নিয়ে একটি সভা আহ্বানের জন্য মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি।

শিল্পমন্ত্রী তাদের বলেন, দেশের শিল্পসমূহের অবস্থা সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমরা চাই দেশে বিনিয়োগ বৃদ্ধি পাক কর্মসংস্থান বৃদ্ধি পাক। আমরা দ্রুত সময়ের মধ্যে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, অর্থ সচিব এবং দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে একটি সভা আয়োজন করছি। যেখানে সব পক্ষ মিলে দেশীয় শিল্প যাতে টিকে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে।

সভায় বিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জিয়া হায়দার মিঠু, মিজানুর রহমান, নাজমুল আনোয়ার, সোহানা রউফ চৌধুরী,  সেলিম জাহান, মাহফুজুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।