বিনিয়োগকারীদের ডিজিটাল সেবা সহজ, দ্রুত ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের প্রথম সদস্য হিসেবে মোহাম্মদ মুনতাসীর হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের সদস্য পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
ডিজিটাল পণ্য, উদ্ভাবন ও বাণিজ্যিক কার্যক্রমে দুই দশকের অভিজ্ঞ মুনতাসীর গ্রামীণফোন ও টেলিনর গ্রুপে বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বে তিনি একাধিক ডিজিটাল পণ্য ও ব্যবসা গড়ে তোলার পাশাপাশি সেগুলো বড় পরিসরে সম্প্রসারণে নেতৃত্ব দেন। পরে তিনি উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক বাজারে একাধিক প্রযুক্তি ব্যবসা গড়ে তোলেন এবং সেগুলোর নেতৃত্ব দেন।










