আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দামে টানা পতন বজায় রয়েছে। এক মাস আগেও যেখানে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ছিল ১ হাজার ৭৭০ ডলারের উপরে, সেখানে বর্তমানে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৬৭৫ ডলারে নেমে এসেছে। নভেল করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে ব্যবহারিক ধাতুটির দরপতন বজায় রয়েছে। খবর মেটাল বুলেটিন।

লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) প্রাইস ইনডেক্স অনুযায়ী, চলতি বছরের ১০ জানুয়ারি ভবিষ্যত্ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৭৭১ ডলারে বিক্রি হয়েছিল। জানুয়ারির মাঝামাঝি থেকে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় চাহিদা কমার আশঙ্কা থেকে অ্যালুমিনিয়ামের দরপতন দেখা দেয়। কমতে কমতে ৩১ জানুয়ারি এলএমইতে ভবিষ্যত্ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ১ হাজার ৭০৯ ডলারে নেমে আসে।

ফেব্রুয়ারির প্রথম কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৭০০ ডলারের নিচে নেমে আসে। ওইদিন ভবিষ্যত্ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয়েছিল ১ হাজার ৬৯৩ ডলার ৫০ সেন্টে। ৭ ফেব্রুয়ারি ব্যবহারিক ধাতুটির দাম সামান্য কমে টনপ্রতি ১ হাজার ৬৯৩ ডলারে নেমেছে।

১০ ফেব্রুয়ারি এলএমইতে ভবিষ্যত্ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয়েছে ১ হাজার ৬৭৫ ডলার ৫০ সেন্টে। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ও তা নিয়ে আতঙ্ক না কমলে সহসাই অ্যালুমিনিয়ামের দরপতন ঠেকানো সম্ভব হবে না বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।