কোম্পানির ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে এ দাবি জানায় এফবিসিসিআই।

চিঠিতে বলা হয়েছে, নতুন আয়কর আইন-২০২৩ সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে পরিপূর্ণ ধারণা এখনো তৈরি হয়নি। এছাড়া বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার সংকট ও আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি রফতানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে। তাছাড়া অডিট ফার্ম কর্তৃক ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘসময়ের প্রয়োজন হওয়ায় কোম্পানিসমূহ অডিট রিপোর্ট পেতে সময় বেশি লাগছে। এফবিসিসিআইর সদস্য বিভিন্ন সংগঠন থেকে অনুরোধ জানানোর প্রেক্ষিতে কোম্পানির রিটার্ন দাখিলের ক্ষেত্রে আরো অন্তত দুই মাস সময়ের প্রয়োজন মনে করে এফবিসিসিআই।

তাই আয়কর আইন-২০২৩ এর ৩৩৪ ধারার অধীনে বিনা জরিমানায় ও অন্যান্য সুবিধা অব্যাহত রেখে কোম্পানির রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন।