এসএমই ফাউন্ডেশন ও দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে চামড়াজাত পণ্য তৈরিবিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জুলিয়া জেসমিন মিলি।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। এজন্য ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন। কিন্তু সরকার এত টাকা বিনিয়োগ করতে পারবে না। সরকার ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করে দেবে এবং ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। আমরা আশাবাদী বাংলাদেশের অর্থনীতি অচিরেই ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে এবং সরকারকে বিনিয়োগসংক্রান্ত নীতিমালা আরো সহজ করে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জুলিয়া জেসমিন মিলি বলেন, ‘চামড়াজাত পণ্য খাত বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। চামড়াজাত পণ্যের রফতানি আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশের পণ্যগুলো অন্যান্য দেশের পণ্যের তুলনায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর কারণ খুঁজে বের করে আমাদেরকে তা নিরসন করতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জিয়াউল হক, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শাকিল আহমদ রাজু, প্রশিক্ষণার্থী কাইটস মাসুদ, শামীমা আক্তার, রুনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মো. সারোয়ার হোসেন ছেদু, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রমুখ।









