সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পর্ষদ। এ লভ্যাংশ বণ্টন করায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এন’-এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামীকাল থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১-২২ হিসাব বছরে জেএমআই হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৮ টাকা ৮৪ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ৪৯ পয়সা।
সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, জেএমআই হসপিটালের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৬ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জেএমআই হসপিটালের ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৯ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকায়।










