যুক্তরাষ্ট্র ও কানাডায় গাড়িতে মূল্যছাড় দিচ্ছে টেসলা। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি মাসে সরবরাহ করা মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়িতে মূল্যছাড় দিচ্ছে। অর্থনীতি ধীর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চাহিদা কমে যাওয়ায় এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সিএনবিসির খবরে বলা হয়েছে, মডেল থ্রি ও মডেল ওয়াই ইভিগুলোর জন্য যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৫০০ এবং কানাডায় ৫ হাজার ডলার মূল্যছাড় দিচ্ছে টেসলা। তবে এ সুবিধাগুলো কেবল চলতি মাসেই সরবরাহ করা গাড়িতে পাওয়া যাবে। এছাড়া বিনামূল্যে ১০ হাজার কিলোমিটার সুপারচার্জিং সুবিধা দেয়া হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মূল্যস্ফীতি হ্রাস আইনের অন্যতম প্রধান সুবিভাভোগী টেসলা। চীনের ওপর নির্ভরতা কমাতে একটি আইনের অংশ হিসেবে ইভি কিনতে ৭ হাজার ৫০০ ডলার ছাড় দেয়া হচ্ছে। মার্কিন ট্রেজারি বিভাগ ইভি ব্যাটারি উপাদানের সোর্সিংয়ের প্রস্তাবিত নির্দেশিকা প্রকাশ করাতে বিলম্বের মধ্যেই মূল্যছাড়ের ঘোষণা দেয় টেসলা।
এদিকে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন যে টেসলা গাড়ির চাহিদা কমে যাচ্ছে। গত অক্টোবরে সংস্থাটি চলতি বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছিল। মার্কিন প্রতিষ্ঠানটি চীনে কিছু মডেলের ওপর ৬ হাজার ইউয়ান (৮৬০ ডলার) মূল্যছাড় দিয়েছে।










