যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের সাপ্তাহিক মজুদ কমেছে। ৩১ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে দেশটিতে পণ্যটির মজুদ কমে ২ লাখ ৬০ হাজার ৯০০ কোটি ঘনফুট বা ৭ হাজার ৩৮৮ কোটি ঘনমিটারে নেমেছে। আগের সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমেছে ১৩ হাজার ৭০০ কোটি ঘনফুট বা ৪ দশমিক ৯৯ শতাংশ। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের  (ইআইএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।

তবে এ সময়ে দেশটিতে আগের বছরের তুলনায় প্রাকৃতিক গ্যাসের মজুদ বেড়েছে। ইআইএর সর্বশেষ উইকলি ন্যাচারাল গ্যাস স্টোরেজ রিপোর্টে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির মজুদ আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে মজুদের এ পরিমাণ দেশটির গত পাঁচ বছরের গড় মজুদের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেশি। 

এর আগের প্রতিবেদনে ইআইএ জানিয়েছিল, প্রতি বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে সাধারণত প্রাকৃতিক গ্যাসের মজুদ কমতে থাকে, যা পরের বছরের এপ্রিলের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। শীতকালে দেশটিতে জ্বালানিটির চাহিদা বাড়ে। ফলে আগে থেকে মজুদ করে রাখা ভূগর্ভস্থ গ্যাসের উত্তোলন বাড়ায় দেশটি, যা পণ্যটির মজুদ হ্রাসের পেছনে প্রধান প্রভাবক হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র প্রাকৃতিক গ্যাসে সম্প্রতি একের পর এক রেকর্ড ভেঙেছে। বিদায়ী বছরে পণ্যটির উত্তোলন ও রফতানিতে দেশটি নয়া রেকর্ড গড়েছে।