ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২২-২৩ বিপণন মৌসুমের শুরু থেকে ৭ মে পর্যন্ত ২ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টন গম রফতানি করেছে, যা গত বছরের একই সময় ছিল ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টন। সে হিসাবে রফতানি ১১ শতাংশ বেড়েছে। ইউরোপিয়ান কমিশন সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একই সময় ব্লকটি যব রফতানি করেছে ৫৪ লাখ ৫০ হাজার টন, যা আগের মৌসুমে ছিল ৬৭ লাখ ২০ হাজার টন। অর্থাৎ রফতানি ১৯ শতাংশ কমেছে।

এদিকে গম রফতানি বাড়ার পাশাপাশি আমদানিও বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ লাখ ৭০ হাজার টনে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৪৯ শতাংশ বেশি। যব আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার টনে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১২০ শতাংশ বেশি। অন্যদিকে ভুট্টা আমদানি ৬৭ শতাংশ বেড়ে ২ কোটি ৩২ লাখ ২০ হাজার টনে উন্নীত হয়েছে।

খরার কারণে গত বছর ইইউর দেশগুলোয় খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হয়। এ কারণেই শস্যের আমদানি বাড়ছে। এছাড়া পশ্চিম ইউরোপের কিছু দেশ ইউক্রেন থেকে সাময়িকভাবে আমদানি বন্ধ করে দেয়ায় বিকল্প উৎস থেকে আমদানির বাড়তি প্রবণতা তৈরি হয়েছে।

চলতি মৌসুমেও ইইউর শীর্ষ গম রফতানিকারকের তকমা ধরে রেখেছে ফ্রান্স। ৭ মে পর্যন্ত দেশটি ৯৩ লাখ ৩০ হাজার টন গম রফতানি করে। ৩৭ লাখ ৩০ হাজার টন রফতানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে রোমানিয়া।