গ্রাহকদের জন্য নতুন চারটি পণ্য নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)।


রোববার রাজধানীর একটি হোটেলে পণ্যগুলোর উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।


পিবিআইএলের নতুন পণ্যগুলো হলো, প্রাইম ইনভেস্ট শরীয়াহ, প্রাইম ইনভেস্ট প্রবাসী, প্রাইম ইনভেস্ট উইমেন ও প্রাইম ইনভেস্ট ইয়ুথ। পণ্যগুলোর মাধ্যমে গ্রাহকরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন। পিবিআইএল নিজেই গ্রাহকদের পক্ষ থেকে শেয়ারবাজারে বিনিয়োগ করবে।


নতুন পণ্য উদ্বোধন অনুষ্ঠানে পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, আমাদের লক্ষ্য হলো বিভিন্ন স্তরের মানুষকে শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করা। পুঁজিবাজারে বিনিয়োগে করমুক্ত পুঁজির সুবিধা থাকা সত্ত্বেও অন্যান্য খাতের তুলনায় এ খাতে গ্রাহকের সংখ্যা কম। আমাদের নতুন পণ্যগুলো পুঁজিবাজারের এই শূন্যতা অনেকটুকুই পূরণ করবে। আমরা সকল বিনিয়োগকারীদের কথা মাথায় রেখেই নতুন পণ্যগুলো সাজিয়েছি। এখানে বিভিন্ন বয়স ও আয়ের মানুষেরা বিনিয়োগ করতে পারবেন। প্রবাসীরাও পৃথিবীর যেকোনো যায়গা থেকে একাউন্ট খুলতে পারবেন।


প্রাইম ব্যাংক পিএলসির পরিচালক আজম জে. চৌধুরী বলেন, আমদের বাজারে ভালো স্টক আনতে হবে। অনেক ভালো কোম্পানি বাজারে আসতে চায়। কিন্তু বিভিন্ন কারণে তারা আসতে পারছে না। যখন ভালো কোম্পানি বাজারে আসবে তখন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। বাজারে ভালো শেয়ারের সংখ্যা পেতে তালিকাভুক্তকরণ পদ্ধতির জটিলতা কমিয়ে এটিকে আরও সহজ করার জন্য আমি নিয়ন্ত্রক সংস্থাকে অনুরোধ করবো। প্রাইম ইনভেস্টমেন্টের প্রোডাক্টগুলো বাজার এবং বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক হবে বলে আমি মনে করি।


প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সি কিউ কে মুসতাক আহমেদ বলেন , পিবিআইএল একটি সুপরিচালিত ইনভেস্টমেন্ট ব্যাংক। যেখানে বিনিয়োগকারীরা তাঁদের পুঁজি পূর্ণ আস্থার সঙ্গে রাখতে পারবেন। পিবিআইএলের ব্যবস্থাপনা পরিষদে নীতিবান এবং দক্ষ পেশাদার ব্যক্তিরা রয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের পুঁজিবাজারে তেমন কোনো ইসলামিক শরীয়াহ ভিত্তিক প্রোডাক্ট নেই। তাই মধ্যপ্রচাচ্যের বিনিয়োগকারীরা এসব প্রোডাক্টের বিষয়ে জানতে চাইলে কিছু বলতে পারি না। ব্যাংক খাতের নন-পারফর্মিং লোনের অনেক অবদান আছে। তবুও আমাদের আরো অনেক সোর্স খুঁজতে হবে। লক্ষ্য অর্জনে বিভিন্ন ধরনের বিনিয়োগ নিয়ে আসতে হবে।