যাত্রী পরিবহনের ১২তম বর্ষে পদার্পণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাইলফলকে পৌঁছানোর এ অর্জন উদযাপন করা হচ্ছে।

নভোএয়ার ১১ বছরে লক্ষাধিক ফ্লাইট পরিচালনা করে ৬০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।

১১তম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

তিনি বলেন, নিরাপত্তা ও সেবা- দুই মুল মন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। একটি বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার।

নতুন বছরে পদার্পণের অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন, যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরো উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা তাদের লক্ষ্য।

বর্তমানে প্রতিদিন রাজধানী থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

২০১৩ সালে ৯ জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে নভোএয়ার।

ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটরের ২০১৪ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস, ২০১৯ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস, ২০২২ ও ২০২৩ সালে বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইনস হিসেবে পুরস্কার লাভ করে নভোএয়ার। - সংবাদ বিজ্ঞপ্তি