চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সৌদি আরবের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উল্লম্ফন হয়েছে। এ সময়ে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির জিডিপি ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে। জ্বালানি তেল সম্পর্কিত ও বহির্ভূত উভয় অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় আরব দেশটির জিডিপি প্রবৃদ্ধি প্রাথমিক পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়েছে। গত রোববার জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (গ্যাসট্যাট) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজ।
গ্যাসট্যাট জানায়, আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হলো সৌদি আরব। সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে দেশটির জিডিপি ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে। যেখানে অক্টোবরে প্রকাশিত প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছিল জিডিপি ৮ দশমিক ৬ শতাংশ বাড়বে। সে তুলনায় তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি দশমিক ২ শতাংশ বেশি বেড়েছে। একই সঙ্গে এ প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় সৌদি আরবের জিডিপি ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।
ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরব বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনকারী দেশ। তৃতীয় প্রান্তিকে দেশটির জ্বালানি তেল সম্পর্কিত অর্থনৈতিক কার্যক্রম ১৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। একই সময়ে জ্বালানি তেলবহির্ভূত অর্থনৈতিক কার্যক্রম জিডিপি প্রবৃদ্ধিতে ৬ শতাংশ অবদান রেখেছে। এ হার অক্টোবরের পূর্বাভাসের ৫ দশমিক ৬ শতাংশের চেয়ে বেশি। তবে প্রান্তিকভিত্তিতে জ্বালানি তেলবহির্ভূত খাত দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে।










