ভারতে বাড়ি বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি বছরের প্রথমার্ধে আবাসন খাতের বিক্রি নয় বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। লন্ডনভিত্তিক রিয়েল এস্টেট খাতের পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য প্রিন্ট।
বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে ভারতের আটটি শহরে বাড়ি বিক্রি ৬০ শতাংশ বেড়ে ১ লাখ ৫৮ হাজার ৭০৫ ইউনিটে দাঁড়িয়েছে। যেখানে ২০২১ সালের প্রথমার্ধে বিক্রীত বাড়ির সংখ্যা ছিল ৯৯ হাজার ৪১৫। জানুয়ারি-জুন সময়ে বাড়ি বিক্রির সংখ্যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। এ সময়ে বাজারে আসা নতুন বাড়ির ইউনিট সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৮০৬ দাঁড়িয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ বেশি।
নাইট ফ্রাঙ্কের ভারতীয় শাখার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শিশির বৈজাল বলেন, দেশটিতে কভিড মহামারী শুরুর পর থেকে বাড়ি কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমনকি উচ্চমূল্যস্ফীতির পরিস্থিতিতেও তা অব্যাহত রয়েছে। এ সময়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংকও সুদহার বাড়িয়েছে, যা ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করেছে।
এদিকে বাণিজ্যিক অফিস বিভাগেও বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে মোট ২ কোটি ৫৩ লাখ বর্গফুট অফিসের জায়গা লেনদেনের রেকর্ড হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় যা ১০৭ শতাংশ বেশি। কভিড-১৯ মহামারীতে ভারতের রিয়েল এস্টেট খাতে মারাত্মক প্রভাব পড়া সত্ত্বেও এ খাতের বিক্রয় প্রবৃদ্ধিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি দেশটির টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারেও সহায়ক হবে।









