মেক্সিকোর উত্তর-পশ্চিমের শিল্প এলাকায় একটি সংযোজন কারখানা তৈরি করার পরিকল্পনা চূড়ান্ত করেছে টেসলা। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত ঘোষণা দিতে পারে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

মেক্সিকোর নুয়েভো লিওনের রাজধানী মনটেরি শহরের সান্টা ক্যাটারিনায় কারখানাটি স্থাপন করা হবে বলে জানা গিয়েছে। তবে চূড়ান্তভাবে সব কিছু নির্ধারণের বিষয়ে এখনো কাজ চলছে। আবার মেক্সিকোর কারখানাটিতে কোন মডেলের টেসলা তৈরি করা হবে এবং কবে নাগাদ কারখানাটি উৎপাদনে যাবে তা এখনো পরিষ্কার নয়।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একজন রয়টার্সকে জানান, টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক উত্তরের মেক্সিকান রাজ্য নুয়েভো লিওনে বিনিয়োগ করার কথা ভাবছিলেন, টেক্সাসের সঙ্গে যেটার সীমান্ত রয়েছে।

এরই মধ্যে মাস্ক নুয়েভো লিওনের গভর্নর সামুয়েল গার্সিয়ার পাশাপাশি অন্যান্য স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া মেক্সিকোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেন সালাজারের সঙ্গেও বৈঠকে বসেছেন বলে জানা গিয়েছে।