একমি পেস্টিসাইডস লিমিটেডের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে কোম্পানিটি। সাম্প্রতিক একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘একমি পেস্টিসাইডসে দুর্নীতি তদন্ত করতে দুদক ও এফআরসিকে চিঠি’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেদনটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে একমি পেস্টিসাইডসের নাম উল্লেখ করে ব্যাপক অনিয়ম, আর্থিক জালিয়াতি এবং প্লেসমেন্ট শেয়ারের অর্থ পরিশোধ না করার অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো বিএসইসি আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি।
একমি পেস্টিসাইডস আরো জানিয়েছে, এ বিষয়ে বিএসইসির শুনানিতে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পরিচালনা পর্ষদ উপস্থিত থেকে বিস্তারিতভাবে নিজেদের অবস্থান ও ব্যাখ্যা তুলে ধরে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, স্বাধীন পরিচালক ব্যতীত পরিচালনা পর্ষদের বিরুদ্ধে উত্থাপিত কিছু অভিযোগ যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়নি এবং সেগুলো সঠিক নয়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) একমি পেস্টিসাইডসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩১ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশমিক ১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে একমি পেস্টিসাইডসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে একমি পেস্টিসাইডসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৮ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে একমি পেস্টিসাইডসের ইপিএস হয়েছে ৯৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সায়।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৮৬ কোটি ৫৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৫০ লাখ। এর ৩১ দশমিক ৮০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে।









