দেশের পণ্য রফতানি বাড়াতে রাশিয়ার বাজারকে পুরোপুরিভাবে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিআইএস-বিসিসিআই) সভাপতি মোহাম্মদ আলী দ্বীন। গতকাল বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিচ ম্যানতিতস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি তুলে ধরেন তিনি।    

সিআইএস-বিসিসিআই সভাপতি বলেন, ‘রফতানি বাজার বহুমুখীকরণে রাশিয়া ও অন্যান্য সিআইএস দেশের বাজারে সম্ভাবনা আছে। আরএমজি, গার্মেন্টস অ্যাকসেসরিজ, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, সামুদ্রিক খাবার এবং অন্যান্য পণ্যের রফতানি বাড়াতে রাশিয়ার বাজারকে পুরোপুরিভাবে ব্যবহার করতে হবে। শিপিং কার্গো, রাশিয়ায় গুদাম সুবিধা এবং ব্যবসায় মসৃণ লেনদেনের জন্য পর্যাপ্ত ব্যাংকিং সুবিধার মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগাযোগ আরো বাড়াতে হবে।’ এ সময় শুধু ব্যবসায়ীদের জন্য বিজনেস ভিসার আনুষ্ঠানিকতা আরো সহজ করতে রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।     

ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিচ ম্যানতিতস্কি বলেন, ‘রাশিয়া ও বাংলাদেশ গভীর বন্ধুত্বে আবদ্ধ। ঢাকায় রাশিয়ান দূতাবাস এবং সিআইএস-বিসিসিআইয়ের উদ্যোগে একটি রাশিয়ান বাণিজ্য মেলা আয়োজন করা যেতে পারে।’ দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেয়ার সুযোগ প্রশস্ত করার ওপরও জোর দেন তিনি।