সর্বশেষ সপ্তাহজুড়ে আইভরি কোস্টে প্রতিকূল আবহাওয়া বিরাজ করেছে। এর আগে দেশটিতে কেবল সামান্য বৃষ্টিপাত হয়েছে। দেশটির কোকোচাষীরা আশঙ্কা করছেন, শিগগিরই আবহাওয়া পরিবর্তন না হলে চলতি মৌসুমের মধ্যম পর্যায়ের (এপ্রিল-সেপ্টেম্বর) কোকো উৎপাদন ব্যাহত হতে পারে। খবর রয়টার্স।

আইভরি কোস্ট বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী। প্রতি বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশটিতে শুষ্ক মৌসুম চলে। এ সময় স্বভাবতই দেশটিতে বৃষ্টিপাত কমে আসে। দেশটির একজন চাষী জানান, চলতি মৌসুমের মূল কোকো মার্চের মধ্যেই সংগ্রহ হয়ে যাবে। এরই মধ্যে পণ্যটি উৎপাদনে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এ পরিস্থিতিতে আবহাওয়া যদি বিরূপ আকার ধারণ করে, তবে মধ্যম পর্যায়ের ফসল উৎপাদন আরো কমবে। তিনি বলেন, এবার মৌসুমে দেশটির কোকো গাছগুলোয় প্রচুর ফুল ও অঙ্কুরের দেখা মিলেছে। তবে ফলগুলোকে পরিপূর্ণতা পেতে হলে পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রয়োজন।