ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনে এবং ভারত সরকারের দাবির পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গা পূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ইলিশের চালান। গত বুধবার রাত ৮টা পর্যন্ত সাত ট্রাকে ২২ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণার ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত গত ১০ দিনে ৪৮১ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ১০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৫৭টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এ ইলিশের চালান পাঠায়। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশী টাকায় প্রায় ১ হাজার ১৮০।

গতকাল বেনাপোল মাছ বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, এক কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গত বুধবার রাতে সাতটি ট্রাকে করে ২২ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে ১০ দিনে ভারতে রফতানি হয়েছে ৪৮১ টন ইলিশ।