চলতি বিপণন বর্ষে (জুলাই-জুন) সব মিলিয়ে ৫ কোটি ৪০ লাখ টন শস্য রফতানির পরিকল্পনা করেছে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। গম ও ভুট্টা রফতানি বৃদ্ধির জেরে সামগ্রিক শস্য রফতানি বাড়বে বলে প্রত্যাশা করছে দেশটি। দেশটির অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউক্রেনফর্ম।
ইউক্রেনের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বিপণন বর্ষের শুরু থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ ৭৮ হাজার টন শস্য রফতানি করেছে দেশটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৮ লাখ টন বেশি। রফতানীকৃত শস্যের মধ্যে রয়েছে ১ কোটি ১৫ লাখ টন গম ও ১ কোটি ১৮ লাখ টন ভুট্টা। এছাড়া যব ও রাই রফতানি হয়েছে যথাক্রমে ৩৮ লাখ ও পাঁচ হাজার টন।









