আগামী অক্টোবরে দ্বিতীয় প্রাইম ডের মতো শপিং ইভেন্ট করবে অ্যামাজন। প্রধান খুচরা বিক্রেতা হিসেবে স্বল্প বাজেটের গ্রাহকদের আকৃষ্ট করতে ইভেন্টটি চালু করবে প্রতিষ্ঠানটি। ১১-১২ অক্টোবর ইভেন্ট চলাকালীন অ্যামাজন প্রাইম সদস্যরা ডিসকাউন্ট আইটেমগুলোয় আগে কেনাকাটার সুযোগ পাবেন। খবর এপি।

সিয়াটলভিত্তিক ই-কমার্স জায়ান্টটি তার প্রাইম সদস্যদের আরো বেশি আকৃষ্ট করতে দীর্ঘদিন ধরে এ ধরনের বিক্রয় ইভেন্ট অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি বছরে ১৩৯ ডলারে দ্রুত শিপিংসহ আরো উন্নত ডিল অফার করে। তবে অক্টোবরের ইভেন্টটি প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোয় অ্যামাজনের খুচরা ব্যবসা ধীর হয়েছে। মূল্যস্ফীতিতে জর্জরিত ভোক্তাদের জন্য আরো ডিল সরবরাহ করার প্রয়োজন দেখা দিয়েছে। গত সপ্তাহে মার্কিন আরেক খুচরা বিক্রেতা টার্গেট ঘোষণা দিয়েছিল, প্রতিষ্ঠানটি অক্টোবরের শুরুতে হলি ডে অফার ডিল শুরু করবে।

টানা দ্বিতীয় বছর হিসেবে চলতি বছর ভোক্তারা হলিডে অফারের জন্য আগে কেনাকাটা করবেন বলে আশা করছে অ্যামাজন।