টানা পাঁচ সপ্তাহ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সাপ্তাহিক গড় দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এ প্রবণতা এখনো কাটেনি। সর্বশেষ সপ্তাহে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) গড় দাম ২ শতাংশের বেশি কমেছে। ব্রেন্ট ক্রুডের সাপ্তাহিক গড় দাম কমেছে ৬ শতাংশের বেশি। খবর সিনহুয়া ও রয়টার্স।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে সর্বশেষ সপ্তাহে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের গড় দাম দাঁড়িয়েছে ৫০ ডলার ৩২ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কম। একই সময় ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের সাপ্তাহিক গড় দাম দাঁড়িয়েছে ৫৪ ডলার ৪৭ সেন্টে। এক সপ্তাহের ব্যবধানে জ্বালানি পণ্যটির গড় দাম কমেছে ৬ দশমিক ৩৪ শতাংশ। ২০১৯ সালের জানুয়ারির পর এটাই আইসিইতে ব্রেন্ট ক্রুডের সর্বনিম্ন গড় দাম।
গত বছরের একই সময়ের তুলনায় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ১৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। এক বছরের ব্যবধানে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১৭ দশমিক ৪৭ শতাংশ কম দামে।
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণে চাহিদা কমার আশঙ্কা থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের টানা দরপতন বজায় রয়েছে। বাজার ভারসাম্য ফিরিয়ে দরপতন ঠেকাতে ওপেক, নন-ওপেক দেশগুলোকে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বর্তমানের তুলনায় আরো কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। তবে রাশিয়ার অসম্মতির কারণে এ প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণে আশঙ্কা বজায় থাকায় জ্বালানি তেলের দামও বাড়ছে না।









