চীনে ভোক্তা ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটিগ্রুপ। মার্কিন বিনিয়োগ ব্যাংকটির এ পদক্ষেপের কারণে প্রায় ১ হাজার ২০০ জন কর্মীর চাকরি ঝুঁকিতে পড়েছে। যদিও এসব কর্মীকে বিকল্প সুযোগ দেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ব্যাংকটি। ২০২১ সালের এপ্রিলে ঘোষণা করা বৈশ্বিক ব্যবসা পুনর্গঠন কৌশলের অংশ হিসেবেই চীনে ভোক্তা বা খুচরা ব্যাংকিং ব্যবসা গুটিয়ে নিতে যাচ্ছে সিটি। খবর রয়টার্স।

একটি বিবৃতিতে সিটিগ্রুপ জানিয়েছে, চীনে ভোক্তা ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত প্রায় ১ হাজার ২০০ জন কর্মীকে প্রভাবিত করবে। তাদের চীনের অন্যান্য ব্যাংকিং কিংবা বিশ্বজুড়ে চলা কার্যক্রমে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ভোক্তা ব্যাংকিং গুটিয়ে নেয়ায় দেশটিতে সংস্থাটির আমানত, বীমা, বন্ধক, বিনিয়োগ, ঋণ ও কার্ড কার্যক্রমে প্রভাব পড়বে।

মুনাফা ও শেয়ারদরে সমকক্ষদের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রধান নির্বাহী জেন ফ্রেজারের কৌশলের অংশ হিসেবে বিভিন্ন বাজারে ভোক্তা ব্যাংকিং ব্যবসা থেকে বেরিয়ে আসছে সিটিগ্রুপ। গত বছর শীর্ষ পদে দায়িত্ব নেয়ার পর জেন ফ্রেজার এশিয়া, ইউরো, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও মেক্সিকোরসহ ১৪টি বাজারে ভোক্তা ব্যাংকিং গুটিয়ে সিটিগ্রুপের ব্যবসাকে সরল করার প্রতিশ্রুতি দেন। এর মাধ্যমে আরো লাভজনক প্রাতিষ্ঠানিক ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবসায় মনোযোগ বাড়াতে চাইছে সিটি। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের খুচরা ব্যাংকিং কার্যক্রম বিক্রি কিংবা বন্ধ করে দিয়েছে বহুজাতিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি।

সিটির লিগ্যাসি ফ্র্যাঞ্চাইজি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা টিটি কোল বলেন, আমরা কয়েক মাস ধরে চীনের ভোক্তা ব্যবসার জন্য একাধিক কৌশলগত বিকল্প অন্বেষণ করেছি। পরবর্তী সময়ে আমরা ব্যবসাটি গুটিয়ে নেয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের ক্লায়েন্ট, অংশীদার ও সহকর্মীদের জন্য একটি নিরবচ্ছিন্ন পরিবর্তনের দিকে মনোনিবেশ করছি।

পূর্বে ঘোষিত দক্ষিণ কোরিয়ায় সিটির ভোক্তা ব্যবসা বন্ধ এবং রাশিয়ায় পুরো কার্যক্রম গুটিয়ে নেয়া হচ্ছে। পাশাপাশি নয়টি বাজারে ভোক্তা পর্যায়ের ব্যাংকিং কার্যক্রম বিক্রির চুক্তি স্বাক্ষর হয়েছে এবং পাঁচটি বাজার থেকে গুটিয়ে নেয়া হয়েছে। কৌশল পুনর্গঠনের অংশ হিসেবে সিটি ভোক্তা ব্যাংকিং থেকে বেরিয়ে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবসায় মনোযোগ বাড়াচ্ছে।

এদিকে এশিয়ায় প্রাতিষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম প্রসারিত করছে সিটিগ্রুপ। গত জুনে সংস্থাটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিইও পিটার বাবেজ রয়টার্সকে এক সাক্ষাত্কারে বলেছিলেন, এশিয়ায় আগামী কয়েক বছরের মধ্যে তিন হাজার নতুন কর্মী নিয়োগ দেয়া হবে। এর মাধ্যমে দ্রুত বর্ধনশীল অঞ্চলে মনোযোগ বাড়ানো হচ্ছে। কর্মী বাহিনী সম্প্রসারণ পরিকল্পনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ও সম্পদ ব্যবস্থাপনাকে মুনাফা বৃদ্ধি ইঞ্জিনে পরিণত করতে চায় সিটিগ্রুপ। সংস্থাটি এখন এমন একটি অঞ্চলে মুনাফা বাড়ানোর চেষ্টা করছে, যা বৈশ্বিক ব্যাংকগুলোর জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এরই অংশ হিসেবে সিটি এশিয়ার বিশাল অর্থনীতি ও ক্রমবর্ধমান সম্পদে নিজেদের আধিপত্য তৈরি করতে উচ্চাকাঙ্ক্ষা হাতে নিয়েছে।