সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে মিসরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২ শতাংশ। সম্প্রতি দেশটির পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী হালা এল এ তথ্য নিশ্চিত করেছেন।
গত অর্থবছরের প্রথম নয় মাসে মিসরের অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে। তবে শেষ প্রান্তিকে এসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বাধাগ্রস্ত হয়। গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত মিসরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশ। প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৮ দশমিক ৩ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে ৫ দশমিক ৪ শতাংশ।
এ বিষয়ে ইএফজি হারমেস রিসার্চের সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের প্রধান মোহাম্মেদ আবু বাশা বলেন, যুদ্ধসহ মুদ্রানীতি কঠোর ও মুদ্রার অবমূল্যায়নের কারণে চতুর্থ প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম থাকবে বলে আগেই আশঙ্কা ছিল।
বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ মিসর। অন্যদিকে বিশ্ববাজারে মোট গম রফতানির এক-তৃতীয়াংশ গম আসে ইউক্রেন থেকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে খাদ্য নিরাপত্তায় চাপ তৈরি হয়েছে মিসরে।









