পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে শেয়ারবাজারে আসতে চায় কোম্পানিটি। এরই অংশ হিসেবে আইপিও প্রক্রিয়ার শর্ত অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য চলতি মাসে রোড শো আয়োজন করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোড শোটি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমেও এতে অংশ নেয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ অনুযায়ী, সব যোগ্য বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রোড শোতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে কনফিডেন্স পাওয়ার। বিধিমালা অনুযায়ী যোগ্য বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্কিম ও ন্যাশনাল পেনশন অথরিটি।

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিওর ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্ট্রার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।