চীনে করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে সতর্ক অবস্থান নিচ্ছে ভারত। সরকার জনগণকে কভিডজনিত মৌলিক নিয়মগুলো অনুসরণে উৎসাহিত করেছে। এরই অংশ হিসেবে দেশটির জনপ্রিয় পর্যটন গন্তব্য তাজমহলে করোনা পরীক্ষা ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর ইকোনমিক টাইমস।

গতকাল আগ্রার জেলা স্বাস্থ্য তথ্য কর্মকর্তা অনিল সতসঙ্গি বলেন,  এরই মধ্যে স্বাস্থ্য বিভাগ পর্যটকদের করোনা পরীক্ষা শুরু করেছে। এখন থেকে করোনা পরীক্ষার নেগেটিভ প্রতিবেদন ছাড়া তাজমহল প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়া হবে না। এজন্য পর্যটকদের অবশ্যই করোনা পরীক্ষা করে আসার অনুরোধ জানান তিনি।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে সতর্ক থাকতে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্বের বিধি অনুসরণের বিষয়ে সচেতনতা প্রচার করার পরামর্শ দিয়েছে। আগ্রা প্রশাসনও কভিডবিরোধী প্রচেষ্টা বাড়িয়েছে। কারণ শহরটি প্রতি বছর ভারত ও সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আকর্ষণ করে। প্রশাসন আবারো বিস্তৃত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে।

গত বৃহস্পতিবার লোকসভায় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, ‘রাজ্যগুলোর এখন করোনার জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।’ দেশটিতে দৈনিক গড়ে ১৫৩টি সংক্রমণ শনাক্ত হচ্ছে বলেও জানান তিনি।