তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) আগস্টে রেকর্ড আয় করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত চিপের চাহিদা শক্তিশালী থাকায় কোম্পানিটির আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির আয় টানা চার মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। খবর সিএনবিসি।

টিএসএমসি জানায়, আগস্টে কোম্পানির আয় হয়েছে ৫১৪ দশমিক ৮ বিলিয়ন নিউ তাইওয়ান ডলার। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৬৩৫ কোটি ডলার। এক বছর আগের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৫৩ দশমিক ৩ শতাংশ। পাশাপাশি জুলাইয়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, এআই-সংশ্লিষ্ট চিপের চাহিদা বাড়ায় টিএসএমসির ব্যবসায় গতি এসেছে। জুলাইয়ে দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের সময় প্রতিষ্ঠানটি জানায়, এআই চিপের চাহিদা এখনো অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৭ শতাংশের বেশি বাড়ে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪ হাজার ৪৬০ কোটি থেকে ৪ হাজার ৫৮০ কোটি ডলার আয়ের পূর্বাভাসও দিয়েছে টিএসএমসি।

বিশ্বের চুক্তিভিত্তিক চিপ উৎপাদন বা ফাউন্ড্রি বাজারে শীর্ষে আছে টিএসএমসি। গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক ফাউন্ড্রি বাজারে টিএসএমসির হিস্যা ছিল ৭২ দশমিক ৫ শতাংশ। একই সময় স্যামসাং ফাউন্ড্রির হিস্যা ছিল ৫ দশমিক ৯ শতাংশ এবং চীনের এসএমআইসির ৫ দশমিক ৪ শতাংশ।

এদিকে উন্নত চিপ তৈরির প্রযুক্তি নিয়ে নেদারল্যান্ডসের চিপ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এএসএমএলের সঙ্গে নতুন উদ্যোগ নিয়েছে টিএসএমসি। প্রতিষ্ঠানটি জানায়, ২০৩০ সাল থেকে উন্নত নোডের বড় পরিসরের উৎপাদনে এএসএমএলের হাই-এনএ প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।