পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর গতকাল প্রায় ৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় শীর্ষে রয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর ছিল ৩৭ টাকা ৩০ পয়সা। দিন শেষে এ দর কমে দাঁড়ায় ৩৪ টাকা ৭০ পয়সায়। সে হিসেবে দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৯৭ শতাংশ। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য মোট ৮ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল মেট্রো স্পিনিংয়ের পর্ষদ। যার মধ্যে ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। এর বাইরে ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে কোম্পানিটি। 

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪৮ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৯৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ৬৫ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৩৬ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি মেট্রো স্পিনিং। মূলত আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিএসইসি সে লভ্যাংশে অনুমোদন করেনি। ফলে আলোচ্য হিসাব বছরের জন্য বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পায়নি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮ পয়সা। 

এর আগে ২০১৯-২০ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।