সদ্যসমাপ্ত জুন দারুণ ব্যস্ত কেটেছে রায়ানএয়ারের। এ মাসে ১ কোটি ৫৯ লাখ যাত্রী রায়ানএয়ার ব্যবহার করেছেন। এ সংখ্যা গত বছরের জুনের চেয়ে ৫৩ লাখ বেশি। খবর রয়টার্স।

সাধারণত এয়ারলাইনসগুলো ভালো করছে কিনা তা নির্ধারণ করা হয় কী পরিমাণ আসন খালি আছে এবং তা কত দ্রুত পূর্ণ হচ্ছে তার ওপর। কভিড-১৯ মহামারী শুরু হলে অন্য এয়ারলাইনসগুলোর মতো রায়ানএয়ারও সংকটে পড়ে। সে সময়ের পর এবারই প্রথম প্রতিটি উড়োজাহাজে পূর্ণ আসনের সংখ্যা ৯৫ শতাংশে পৌঁছেছে।

আয়ারল্যান্ডের এ এয়ারলাইনসটি যাত্রী পরিবহনের দিক থেকে ইউরোপে সবচেয়ে বড়। রায়ানএয়ার জানিয়েছে, গত জুনে সাড়ে ৮৮ হাজার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে মে মাসের চেয়ে আরো অন্তত পাঁচ লাখ বেশি যাত্রী জুনে পরিবহন করা হয়েছে।

২০১৯ সালে মহামারীর প্রকোপের আগে রায়ানএয়ারের আসনসংখ্যা সাধারণত ৯৬ বা ৯৭ শতাংশ পূর্ণ হতো। সে পরিস্থিতি পুরোপুরি না ফিরে পেলেও কাছাকাছি পৌঁছেছে প্রতিষ্ঠানটি। তাতে প্রত্যাশা চলতি বছরের গ্রীষ্মে বর্তমান সময়ের চেয়ে আরো ১৫ শতাংশ বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হবে। সেই সঙ্গে ২০২৩ সালে সাড়ে ১৬ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।